নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে দুইজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের সনাক্ত করা হয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের আতঙ্কিত করতেই এই হামলা চালানো হয়েছে।
তিনি শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গোপালগঞ্জ জেলা পুলিশের সাথে সমন্বয় করে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।


