June 26, 2026
Ajker Kashiani

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়বাগ গ্রামের পূর্বপাড়া উকিলের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুমন শেখ উপজেলার বড়বাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমনদের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার দিন কাশিয়ানী থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বড়বাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় শামিম শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়।

নিহতের বড় ভাই শামিম শেখ অভিযোগ করেন, কয়েকদিন আগেও তার ভাইকে মারধর করা হয়েছিল। পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, কুপিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমন শেখের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

 

আরো খবর

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে ১ হাজার ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

admin

নির্বাচন ঘিরে গোপালগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কঠোর নিরাপত্তা

admin

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, দলীয়ভাবে তা ক্ষমা করে দিয়েছি: জামায়াত আমির

admin