নিজস্ব প্রতিবেদক:- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাহ্মণ জাটিগ্রামে সাইফুল সরদার হত্যাকাণ্ডের পর মামলার নামে নিরীহ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন-এমন একাধিক ব্যক্তিকেও মামলার আসামি করা হয়েছে। ঘটনার পরপরই একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে আসামির তালিকা তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। এতে ব্যক্তিগত বিরোধ, সামাজিক প্রতিহিংসা ও প্রভাব বিস্তারের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় প্রবীণ বলেন, “নিরীহ কয়েকজনকে মামলার আসামি করা হয়েছে। তারা ঘটনার সময় এলাকায়ই ছিলেন না। মামলার ভয় দেখিয়ে তাদের ঘরছাড়া করা হচ্ছে।”
লুটপাট ও ভাঙচুরের অভিযোগ
অনুসন্ধানে আরও উঠে এসেছে গুরুতর অভিযোগ। মামলার ভয় দেখিয়ে নির্দোষ পরিবারগুলোর বাড়িতে ঢুকে গরু, ছাগল ও আসবাবপত্র নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও বাড়িঘর ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এক ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ। মামলার ভয় দেখিয়ে সব নিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে গেলে উল্টো ভয় দেখানো হয়।”
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
এলাকাবাসীর দাবি, পুরো পরিস্থিতি প্রশাসনের অজানা নয়। একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় সচেতন মহল।
একস্থানীয় জনপ্রতিনিধি বলেন, “ঘটনার সঙ্গে জড়িতরা অবশ্যই শাস্তি পাক। তবে নিরীহ মানুষকে হয়রানি করা হলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে।”
দোষীদের বিচার ও নিরীহদের নিরাপত্তার দাবি
এলাকাবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা সাইফুল সরদার হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মামলার নামে হয়রানি বন্ধ, নিরীহ মানুষের জানমাল ও গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত এবং লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে এই হত্যাকাণ্ডকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি পুরো এলাকার সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।


