24.7 C
New York
June 1, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে দুর্বৃত্তদের হামলায় মোকলেছ মোল্লা নিহত

নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মোকলেছ মোল্লা (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামের নাজির কাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছ মোল্লা ওই গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোকলেছ মোল্লা তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারধর করা হয়। একপর্যায়ে সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও দুর্বৃত্তরা মোকলেছ মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে মোকলেছ মোল্লাকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর

কাশিয়ানীতে ১০ টাকার লোভ দেখিয়ে শিশুকন্যাকে ‘ধর্ষণচেষ্টা’

admin

কাশিয়ানীতে নকল পণ্য তৈরির কারখানার সন্ধান, জরিমানা  

admin

এসপির ভাই পটু চেয়ারম্যানের দাপটে আতঙ্কিত এলাকাবাসী

admin